বাদালদি সড়কে সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস এমপি জাহাঙ্গীরের
দীর্ঘদিন ধরে নিচু সড়ক ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন রাজধানীর তুরাগের বাউনিয়া বাদালদি এলাকার বাসিন্দা।
প্রধান সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র। কিছুদিন পূর্বে সংস্কার কাজ শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা বন্ধ হয়ে যায়।
নির্বাচনের পর ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর নির্দেশনায় পুনরায় শুরু হয়েছে বাদালদি মেইন রোডের সংস্কার কাজ।
সোমবার দুপুরে তিনি তুরাগ থানার অন্তর্গত বাউনিয়া বাদালদি এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান যাচাই করেন এবং দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ারদের মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
সংসদ সদস্য এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে এবং এই সড়কটি আধুনিক ও টেকসইভাবে নির্মাণ করা হবে।
পরিদর্শনকালে ৫২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: