স্থানীয় নির্বাচনে এনসিপি ও জামায়াত কীভাবে প্রার্থী দেবে?-জানালেন সারজিস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলাদা আলাদা প্রার্থী দেবে বলে জানিয়েছেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জামায়াত তাদের জায়গা থেকে বলেছে তারা স্থানীয় পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। এনসিপিও আমাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে শুরু করতে যাচ্ছে।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ও এনসিপি ১১-দলীয় জোটভুক্ত হয়ে ভোটে অংশ নেয়। সে সময় দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, এটি কোনো স্থায়ী রাজনৈতিক জোট নয়, বরং নির্বাচনী জোট।
অবশ্য সংবাদ সম্মেলনে সারজিস আলম এও জানিয়েছেন, যদি শেষ মুহূর্তে ১১-দলীয় জোট এক হয়ে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তবে তা পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে।
সারজিস আলম আরও বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই। ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা ও ৩৩০টি পৌরসভায় এনসিপি দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।’
বিভি/টিটি



মন্তব্য করুন: