• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এমপি হান্নান মাসউদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

প্রকাশিত: ১১:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এমপি হান্নান মাসউদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে হান্নান মাসউদসহ আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের এই ন্যক্কারজনক হামলা গণতন্ত্রচর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। দেশবাসী মনে করে, যেখানে একজন সংসদ সদস্যের মতো জনপ্রতিনিধির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করতে পারে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত।

বিবৃতিতে অবিলম্বে হান্নান মাসউদের ওপর হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত