তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে: আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ নতুন করে জাগ্রত হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে মডেল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বেই দেশের জনগণ আজ ভোটাধিকার ফেরত পেয়েছে। ভোটাধিকারের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমান উল্লাহ আমান বলেন, জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই সরকার পেয়েছি। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার গঠিত হয়। তাই জনগণকে এই সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি কেরানীগঞ্জে ঢাকা -২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই।
ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বিভি/এসজি



মন্তব্য করুন: