• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ১৯:০৯, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১০, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অতীতের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বিএনপি। ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের সেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, রুলস অব প্রসিডিউর, সংসদীয় রীতিনীতি ও কনভেনশন অব দ্য হাউজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে।

তিনি বলেন, একটি শিশু যেমন জন্মের পর নতুনভাবে সংস্কৃতি শেখে, ঠিক তেমনভাবেই নবীন সংসদ সদস্যদেরও সঠিক শিক্ষা ও সংসদীয় আচরণে অভ্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। যদি তাদের মধ্যে খারাপ কোনো সংস্কৃতি না থাকে, তাহলে তারা ভালো শিক্ষা সহজেই গ্রহণ করতে পারবেন। জনপ্রত্যাশা পূরণে নতুন সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ও দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। সেই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত