প্রধানমন্ত্রীর আহ্বানে সাশ্রয়ী হওয়ার কথা বললেন ডা. রফিক
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানিসহ যেকোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।
সোমবার (৯ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের আধুনিক স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট- এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়। আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে। এ রকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
ছাত্রদলকে মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেল ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। পাশাপাশি তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।
বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: