আন্তঃনদী পানির অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী।
তিনি বলেন, বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের মুখে পড়বে। সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় এই কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সঙ্গে বিশ্বস্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে আমরা বঞ্চিত না হই, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, সীমান্তের ওপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্ততার কারণে বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। তাই জলের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক ও স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি) বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোনো লোক দেখানো নয়; এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে। পূর্বের সরকারের সমালোচনা নয়, আমরা জনগণের জন্য ভালো কিছু করতে চাই।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খাল খনন কার্যক্রমের সূচনা করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে জেলার ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: