বাংলাদেশে সুবিধাবাদী রাজনীতি বরদাশত করা হবে না: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, জুলাইয়ের রক্তে প্রতিষ্ঠিত বাংলাদেশে সুবিধাবাদী রাজনীতি বরদাশত করা হবে না। গণরায় বাতিল করলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না বিএনপি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।
মাওলানা মামুনুল হক বলেন, যে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ের ওপর সুস্পষ্ট রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধান সংস্কার করতে চায় না। বরং তারা এতে কিছু সংশোধনী এনে আরও ভয়ংকর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়।
তিনি আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটে নির্দিষ্ট বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় অমান্য করছে। পৃথিবীর কোনো সভ্য দেশে সরকার নিজ জনগণের সঙ্গে এমন দৃষ্টতা প্রদর্শন করেছে, এমন নজির আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অসংখ্য অধ্যাদেশ তারা এখন বাতিল ও সংশোধন করছে, অথচ এসব অধ্যাদেশ জারির সময় তারা কোনো বিরোধিতা করেনি। বরং ক্ষেত্রবিশেষে কিছু অধ্যাদেশকে স্বাগত জানিয়েছে এবং কিছু তাদের দাবির প্রেক্ষিতে জারি হয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সরকার মূলত গণভোটের রায়কে অমান্য করছে, যা একটি ভয়ংকর সংকটের সূচনা।
বৈঠকে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: