যে কারণে ড. ইউনূসকেও মাঠে নামার আহ্বান জানালেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন বিএনপি মূল অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে। সংস্কার প্রশ্নে ড. ইউনূসকেও মাঠে নামার আহ্বান জানাচ্ছি। তার সরকারের উপদেষ্টাদেরও এ বিষয়ে মুখ খুলতে হবে।
শনিবার (৪ এপ্রিল) সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা।
নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, দুই-তৃতীয়াংশ আসন পেলেও জনগণ বিএনপির সঙ্গে নেই। কারণ তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা নিজের ক্যারিয়ারে ফিরে যাবেন, তা হবে না। জনগণের কাঠগড়ায় আপনাদেরও দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম। তারা আমাদের আশা নিরাশ করেছে। তাই যতটুকু অর্জন হয়েছে, তা ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: