গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এবং সরকারি দলের অবস্থানের প্রতিবাদে রাজধানীতে শনিবার (৪ এপ্রিল) বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার সদস্যরা জুলাই বিপ্লবের কারণে নির্বাচিত হয়েছেন। জুলাই বিপ্লব কোনো এক দলকে বিদায় দিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। এটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের জন্য করা হয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপি গণভোটের রায় মানতে চায় না। কিন্তু জনগণ ও আমাদের আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করা হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি সুবিধাবাদী ও মুনাফেকি রাজনীতি চালাচ্ছে। যে অধ্যাদেশগুলো সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে, সেগুলো বিএনপির অপছন্দ। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, সংসদ নির্বাচনের বৈধতা থাকলেও গণভোটের রায় তারা মানছে না। সংবিধান হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন। বিএনপি গণভোট মানলে একনায়কতন্ত্র ও দলীয়করণ বন্ধ হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংশোধন একটি রুটিন কাজ নয়। জুলাই বিপ্লব এবং গণভোট হয়েছে সংস্কারের জন্য। তাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নতুবা জনগণ আবারও আন্দোলনে নেমে আসবে।
অন্যান্য বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মুফতি মোখলেছুর রহমান কাসেমী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ডা. ওমর ফারুক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান গণভোটের রায় বাস্তবায়নের গুরুত্ব ও বিএনপির অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও কর্মী। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাকরাইল পর্যন্ত পৌঁছায়। এ সময় হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: