• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

শিক্ষকদের অবসরভাতা ও বকেয়া পরিশোধে এনসিপির আল্টিমেটাম

প্রকাশিত: ২০:১৪, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:১৪, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষকদের অবসরভাতা ও বকেয়া পরিশোধে এনসিপির আল্টিমেটাম

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের দাবিতে সরকারের প্রতি তিন দফা আহ্বান জানিয়ে আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় এনসিপি।

বিজ্ঞপ্তিতে এনসিপি উল্লেখ করা হয়, ‘অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। চাকরিজীবনে যেমন কম মজুরি ও অসম্মানের শিকার হতে হয়, তেমনি অবসরে গিয়েও তাদের ভোগান্তির শেষ নেই। সারাজীবন চাকরি করার পর অবসরে গিয়ে প্রাপ্য অর্থ পাওয়ার জন্য শিক্ষকদের রীতিমতো সংগ্রাম করতে হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ শতাংশেরও বেশি শিক্ষক অবসরের টাকা না পেয়ে মৃত্যুবরণ করেন। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত হয়ে কষ্টে জীবনযাপন করছেন।

আমরা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মনে করি জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবসর জীবনের এই করুণ পরিণতি অত্যন্ত লজ্জাজনক।

আমরা দেখেছি, শিক্ষকদের নিজেদের কষ্টে অর্জিত ও জমানো অবসর ও কল্যাণ ফান্ডের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি; বরং শিক্ষকদের অধিকারের প্রশ্নে রাষ্ট্র হতাশাজনকভাবে নীরব। যা কোনোভাবেই কাম্য নয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করার লক্ষ্যে এনসিপি সরকারের ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট তিন দফা দাবি উত্থাপন করছে—

১। শিক্ষকগণ অবসর গ্রহণের ১৮০ দিন, অর্থাৎ ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে।
২। সকল শিক্ষক তাদের বেতন থেকে কর্তনকৃত টাকার পরিমাণ জানতে পারবেন এবং সেই ফান্ড থেকে ঋণ গ্রহণের সুবিধা চালু করতে হবে।
৩। বিগত সময়ে শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে পুনরায় সেই অর্থ শিক্ষকদের ফান্ডে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।

আমরা বিশ্বাস করি, সরকার দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। অন্যথায় সমগ্র শিক্ষকদের সঙ্গে নিয়ে এনসিপি কঠোর আন্দোলনের ডাক দেবে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: