নানান অভিযোগ তুলে নিজ দলের ২ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!
টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মধুপুর উপজেলা এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এনসিপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, নিয়মবহির্ভূতভাবে ‘পকেট কমিটি’ গঠন, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ তোলেন।
এ ছাড়া মধুপুর উপজেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে ওঠা অর্থনৈতিক অনিয়মের অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, মাসুদুর রহমান রাসেল ও সাইফুল্লাহ হায়দারের নেতৃত্বে একটি ‘সিন্ডিকেট’ সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক।
এ সময় আরও বক্তব্য দেন মধুপুর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মীর সোহেল, সদস্য ওয়াহিদ শিশির এবং ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী হাসান শিশিরসহ অন্যরা।
বক্তারা এসব অভিযোগের বিষয়ে দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নেরও দাবি জানান তারা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: