• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বট-গুপ্ত বিএনপিতেও আছে: মীর শাহে আলম

প্রকাশিত: ১৮:৫৯, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:০০, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বট-গুপ্ত বিএনপিতেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগে নয়, বিএনপিতেও রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বগুড়ার এক কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও বগুড়াকে আলাদা করে দেখতে চান না। সরকার দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বিশ্বাসী। সে কারণে বগুড়ার উন্নয়নের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না।

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মীর শাহে আলম বলেন, এবারের দুর্গোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী ঢাকার বাইরে তিনটি অঞ্চলে দুর্গাপূজা পরিদর্শনে গেছেন, যা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিগত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতিফলন হিসেবে সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা ১ হাজার ২০০টি বেড়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলাটি কৃষি ও খাদ্য উদ্বৃত্ত অঞ্চল হিসেবে পরিচিত। বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। প্রধানমন্ত্রী সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাস করেন। বগুড়ার জন্য অতিরিক্ত কোনো সুবিধা চাওয়া হচ্ছে না; বরং অতীতে সৃষ্ট উন্নয়নবৈষম্য দূর করার দাবি জানানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ২০ বছরে বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। ফখরুদ্দীন-মঈন উদ্দিনের সরকারকেও ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকার উত্তরাঞ্চলের মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

বগুড়ার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মীর শাহে আলম বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, বিমানবন্দর স্থাপন, সিটি করপোরেশন গঠন, স্পোর্টস ভিলেজ নির্মাণ, সড়ক ও পৌরসভার উন্নয়ন, বগুড়া ওয়াসা প্রতিষ্ঠা এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মতো বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: