• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

প্রকাশিত: ২১:১৩, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

বর্তমান সরকারকে ‘গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে জনগণের অধিকার আদায়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি খাতের ব্যর্থতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করে তিনি মন্ত্রিপরিষদ পুনর্গঠনেরও আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সামনে রেখে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, এই গণবিরোধী সরকারকে এখন অগণতান্ত্রিক সরকারও বলতে পারি, যেহেতু তারা সংস্কার বাস্তবায়ন করেনি। গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, কারওয়ান বাজারেই সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, শুকনো মরিচ ৩৮০ থেকে ৪৫০ টাকা এবং ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এতটা ঊর্ধে উঠেছে মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে। এলপিজি গ্যাসের দাম যেটা এই নির্বাচনের পরেও ১২০০ টাকা ছিল সেটা এখন সরকারি হিসাব অনুযায়ী ১৮০০ টাকা আর বেসরকারিভাবে সেটা ২৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের এই সামগ্রিক পরিস্থিতি জনগণ নিজেদেরকে খুবই অসহায়বোধ করছে। আমাদের সুস্পষ্ট দাবি, সার্বিকভাবে এই ব্যর্থতা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানী মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, গত সাত মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। জনগণের অধিকার নিশ্চিত করার বদলে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

জ্বালানিমন্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাতের ব্যর্থতা কাটাতে সাত মাসেও সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। ফলে জ্বালানিমন্ত্রী হিসেবে তারও থাকার অধিকার নেই।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে জনগণের সাথে প্রহসন করার জন্য। সেই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের গণরায় ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সাইবার আইন যে আনা হচ্ছে সংশোধনী এটা আনা যাবে না এটা এটা কোনভাবেই সংসদে পাশ হতে দেওয়া হবে না।

আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে জনগণকে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি জানান, ঢাকা মহানগরের কর্মসূচি শেষে সারা দেশে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

বিভি/বিএস/এজেড

মন্তব্য করুন: