• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই: সাদিক কায়েম

প্রকাশিত: ২০:৩৭, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪১, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই: সাদিক কায়েম

ছবি: আইজিপি (বায়ে) ও সাদিক কায়েম (ডানে)

অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (২৬ অক্টোবর) সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সাদিক কায়েম বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ এখনো ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি। পুলিশের দায়িত্ব অপরাধীকে গ্রেপ্তার করা, বিচার করা নয়। তিনি বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। এর পরিবর্তে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন শুরু করা।

বিবৃতিতে আওয়ামী লীগ সরকারের আমলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের মেয়ের কান্নাজড়িত কথাও স্মরণ করেন ডাকসু ভিপি। তিনি বলেন, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’—শিশুটির সেই আকুতি এখনো মানুষ ভোলেনি। সাদিক কায়েম বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই জুলাই বিপ্লব হয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগই সফল হতে দেওয়া হবে না।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত