মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাত নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ
ছবি: মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার না হওয়া এবং ব্যাংকব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। এ ছাড়া দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল বক্তব্য দেন।
সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: