• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এবি পার্টির মতবিনিময় সভা

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: মঞ্জু

প্রকাশিত: ১৯:০১, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, তার হিসাব জনগণ জানতে চায়। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করা হয়নি। সমালোচনা বা প্রতিবাদ করলে সরকারি দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হবেন না, গালাগাল করবেন না কিংবা হামলার শিকার হতে হবে না—এমন ভাষা ও কর্মসূচি তাদের জানা নেই। তবে তাদের প্রতিবাদ যেন দুর্বল বিরোধিতায় পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।

মঞ্জু আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বা সরকারকে কটূক্তির অভিযোগে কাউকে গ্রেফতার করা হলে একই ধরনের অভিযোগে অন্যদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তার জবাব দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করতে বরাদ্দসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সরকার উল্টো পথে হাঁটছে এবং বাক্‌স্বাধীনতা সংকুচিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনী কমিটি গঠন এবং উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কার্যকর বিরোধী দলের ভূমিকা না থাকলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক না বাড়িয়ে সরকারের উচিত জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।

ভয়েস অব রিফর্মের সংগঠক মাশরুর ফাহিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাইবার সুরক্ষার মতো বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করে সংস্কার বাস্তবায়নে অগ্রসর হওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণে গ্রেফতারের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে গ্রেফতারের ঘটনা স্বাধীন মতপ্রকাশ নিয়ে উদ্বেগ তৈরি করছে। 

মানবাধিকারকর্মী ও কলামিস্ট আমাতুল্লাহ রুবী বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী হবে। অর্থবহ সংস্কার ছাড়া অর্থনীতিতে অগ্রগতি ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এবি পার্টি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: