• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে যাচ্ছে সুপারিশ

প্রকাশিত: ২২:১৯, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে যাচ্ছে সুপারিশ

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে ঘিরে নানা বিতর্কে বিব্রত বিএনপি। তার ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দলটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান দলটির জেলা সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জেলা বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এ কারণে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে সুপারিশ পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

এদিকে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: