• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

প্রকাশিত: ১৬:৫৪, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৯, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের চরিত্র হননের চেষ্টা না করে মানুষের দুর্ভোগ কমাতে মনোযোগ দেওয়া উচিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিরোধী দলের আন্দোলন অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, প্রবাসীদের দুর্ভোগ নিয়ে আখতারুজ্জামানের প্রতিবাদের সুফল এখন পাওয়া যাচ্ছে। আগে বিমানবন্দরে ট্রলির সংকট, লাগেজ পেতে দেরি এবং চুরির অভিযোগ থাকলেও এখন নতুন ট্রলি যুক্ত হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে বডি ক্যামেরা লাগানো হয়েছে। ফলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। জামিন পেতে তাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। অতীতের মতো প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবর্ধনায় মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, প্রবাসীদের ভোগান্তির প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না বললেও তার ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এই সাবেক সেনা কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট ও জমজমের পানি পেতে দেরি হওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় ২ অক্টোবর গ্রেফতার হন আখতারুজ্জামান। পরে ১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত