• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদি সরকারের বড় সিদ্ধান্ত, মদিনার সব মসজিদে নারীদের আলাদা নামাজের স্থান চালু

প্রকাশিত: ১৪:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সৌদি সরকারের বড় সিদ্ধান্ত, মদিনার সব মসজিদে নারীদের আলাদা নামাজের স্থান চালু

সৌদি আরবের মদিনা শহরের মসজিদগুলোতে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান পাঁচ ওয়াক্ত নামাজের সময় খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার বিভিন্ন মসজিদে প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান চালু থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান নির্দিষ্ট কিছু সময়ে খোলা রাখা হতো। বিশেষ করে জুমার নামাজ, তারাবিহ ও ঈদের নামাজের সময় কিংবা ব্যস্ত মৌসুমে এসব স্থান ব্যবহারের সুযোগ মিলত। বছরের অন্যান্য সময়ে অনেক জায়গায় সেগুলো বন্ধ থাকত।

নতুন ব্যবস্থার ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন। এতে কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন কমবে।

তবে এ সিদ্ধান্তের আওতায় থাকছে না মসজিদে নববী। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকির জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় নারী মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ের সুযোগ আরও সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: পিস ম্যাগাজিন

বিভি/এজেড

মন্তব্য করুন: