• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ধর্মমন্ত্রীর উদ্যোগ: ৪০ জন ওমরাহযাত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা

প্রকাশিত: ২০:০২, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ধর্মমন্ত্রীর উদ্যোগ: ৪০ জন ওমরাহযাত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় তাদের দেশে ফেরার প্রক্রিয়া ও প্রয়োজনীয় সহায়তা সমন্বয় করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রীর নির্দেশনায় পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে ওমরাহযাত্রীদের স্বাগত জানান।

ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। এ ছাড়া লাগেজ না পাওয়ায় বিপাকে পড়া যাত্রীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র ও পোশাক বিতরণ করা হয়।

দেশে ফেরার পরও ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সিরাজগঞ্জ শহরে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে তাদের জন্য যানবাহনের ব্যবস্থাও করা হয়।

দেশে ফিরে ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমরাহ কাফেলার দলনেতা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাদের খোঁজখবর নিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, লাগেজ না পাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। এ পরিস্থিতিতে ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাদের আপ্যায়ন, পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তাঁরা ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ সময় ওমরাহযাত্রীরা ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি আল্লাহর মেহমানদের সেবায় তিনি যেন আরও বেশি কাজ করতে পারেন, সে জন্য দোয়া করেন তারা।

প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি আরবের রাজকীয় সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দেশে ফেরা ওমরাহযাত্রীরা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় বাংলাদেশি ওমরাহযাত্রীদের একটি কাফেলা আটকে পড়ে। ওই ঘটনায় আহত সাতজন ওমরাহযাত্রী এখনো সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত