ঘরে প্রবেশ ও বের হওয়ার সুন্নাহ, জানেন কি এই আমলগুলো?
প্রতিকী (এআই)
ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়া প্রতিদিনের স্বাভাবিক কাজ। তবে ইসলামে এই সাধারণ কাজগুলোর ক্ষেত্রেও রয়েছে সুন্দর কিছু আদব ও সুন্নাহ। ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া, আল্লাহর নাম স্মরণ করা এবং ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ার মাধ্যমে একজন মুসলিম তার দৈনন্দিন জীবনকে সুন্নাহর আলোকে পরিচালিত করতে পারেন।
ঘরে প্রবেশের সুন্নাহ
ইসলামে ঘরে প্রবেশের সময় সালাম দেওয়ার শিক্ষা রয়েছে। নিজের ঘরে প্রবেশের সময়ও পরিবারের সদস্যদের সালাম দেওয়া উত্তম। ঘরে কেউ না থাকলেও আল্লাহর কাছে বরকতের দোয়া করার কথা উল্লেখ করেছেন আলেমরা।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যখন ঘরে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের লোকদের প্রতি সালাম করবে। এটি আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র অভিবাদন।’ (সুরা আন-নুর, আয়াত: ৬১)
ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করারও গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের জন্য এখানে রাত কাটানোর ও খাবারের কোনো সুযোগ নেই। (সহিহ মুসলিম, হাদিস: ২০১৮) তাই ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া এবং ‘বিসমিল্লাহ’ বলা একজন মুসলিমের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ আমল।
ঘর থেকে বের হওয়ার দোয়া
ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর ওপর ভরসা প্রকাশ করে দোয়া পড়া সুন্নাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় যদি বলে
উচ্চারণ: বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে বের হচ্ছি। আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
তখন তাকে বলা হয়, তোমাকে পথ দেখানো হয়েছে, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে এবং তোমাকে রক্ষা করা হয়েছে। আর শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৫; জামে তিরমিজি, হাদিস: ৩৪২৬)
দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো মনে রাখবেন
ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া, আল্লাহর নাম স্মরণ করা, ঘর থেকে বের হওয়ার সময় নির্ধারিত দোয়া পড়া এবং প্রতিটি কাজে আল্লাহর ওপর ভরসা রাখা, এসব আমল একজন মুসলিমের জীবনে ইসলামী আদব প্রতিষ্ঠায় সহায়ক।
ছোট ছোট এই আমল নিয়মিত পালনের মাধ্যমে দৈনন্দিন জীবনেও সুন্নাহর অনুসরণ করা সম্ভব। তাই ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় এসব সুন্নাহ পালনের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন ইসলামি শিক্ষাবিদরা।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: