ইসলামে যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত
মানবজীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম বিয়ের মাধ্যমে পরিবার গঠন, পারস্পরিক ভালোবাসা ও দায়িত্বশীল জীবনযাপনের শিক্ষা দিয়েছে। তবে কাদের সঙ্গে বিয়ে বৈধ এবং কাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ, এ বিষয়ে ইসলাম সুস্পষ্ট বিধান দিয়েছে। পবিত্র কোরআনের সুরা নিসার ২২ ও ২৩ নম্বর আয়াতে এমন কয়েকটি নারীর কথা উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে বিয়ে করা নিষিদ্ধ। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রক্তসম্পর্ক, দুধসম্পর্ক ও বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ হওয়া নারী।
এ ছাড়া কিছু ক্ষেত্রে একই সময়ে দুই নারীকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। নিচে বিয়ের ক্ষেত্রে নিষিদ্ধ ১৪ শ্রেণির নারীর পরিচয় তুলে ধরা হলো।
১. মা ও ঊর্ধ্বতন নারী
নিজের মা, দাদি, নানি এবং তাদের ঊর্ধ্বতন নারীদের বিয়ে করা নিষিদ্ধ। অর্থাৎ রক্তসম্পর্কের মাধ্যমে যেসব নারী মায়ের মর্যাদায় অন্তর্ভুক্ত হন, তাদের সঙ্গে বিয়ে বৈধ নয়।
২. বাবার স্ত্রী
নিজের বাবা যে নারীকে বিয়ে করেছেন, তিনি সন্তানের জন্য নিষিদ্ধ। বাবা মারা গেলে বা স্ত্রীকে তালাক দিলেও এ নিষেধাজ্ঞা বহাল থাকে। জাহেলি যুগে সৎমাকে বিয়ে করার প্রথা ছিল। ইসলাম এ প্রথা নিষিদ্ধ করেছে।
৩. মেয়ে ও অধস্তন নারী
নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যাসন্তানদের বিয়ে করা নিষিদ্ধ। অর্থাৎ বংশধারায় নিজের কন্যা হিসেবে যেসব নারী অন্তর্ভুক্ত হন, তাদের সঙ্গে বিয়ে বৈধ নয়।
৪. বোন
নিজের সহোদর বোন, বাবার পক্ষের সৎবোন এবং মায়ের পক্ষের সৎবোন, সবার সঙ্গে বিয়ে নিষিদ্ধ।
৫. ফুফু
নিজের বাবার সহোদর বোন, বাবার বৈমাত্রেয় বা বৈপিত্রেয় বোন এবং ঊর্ধ্বতন প্রজন্মের ফুফুদের বিয়ে করা নিষিদ্ধ।
৬. খালা
নিজের মায়ের সহোদর বোন, মায়ের বৈমাত্রেয় বা বৈপিত্রেয় বোন এবং ঊর্ধ্বতন প্রজন্মের খালাদের বিয়ে করা নিষিদ্ধ।
৭. ভাইয়ের মেয়ে
নিজের সহোদর, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যাসন্তানদের বিয়ে করা নিষিদ্ধ।
৮. বোনের মেয়ে
নিজের সহোদর, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাদের অধস্তন কন্যাসন্তানদের বিয়ে করা নিষিদ্ধ।
৯. দুধসম্পর্কের মা
যে নারী শরিয়তের নির্ধারিত শর্তে শিশুকে দুধ পান করিয়েছেন, তিনি তার দুধসন্তানের জন্য মায়ের মর্যাদায় অন্তর্ভুক্ত হন। তাই দুধমা এবং দুধসম্পর্কের মাধ্যমে মায়ের মর্যাদায় অন্তর্ভুক্ত নারীদের বিয়ে করা নিষিদ্ধ।
১০. দুধসম্পর্কের বোন
দুধ পান করার মাধ্যমে যে নারী কারও দুধবোন হন, তার সঙ্গে বিয়ে নিষিদ্ধ। একইভাবে দুধসম্পর্কের কারণে যেসব নারী বোনের মর্যাদায় অন্তর্ভুক্ত হন, তাদেরও বিয়ে করা যাবে না।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বংশগত সম্পর্কের কারণে যেসব নারী হারাম হয়, দুধসম্পর্কের কারণেও সেসব নারী হারাম হয়।’ (সহিহ বুখারি, হাদিস ২৬৪৫; সহিহ মুসলিম, হাদিস ১৪৪৭)।
১১. স্ত্রীর মা ও ঊর্ধ্বতন নারী
নিজের স্ত্রীর মা, নানি, দাদি এবং তাদের ঊর্ধ্বতন নারীদের বিয়ে করা নিষিদ্ধ। বৈধ বিবাহের মাধ্যমে এ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠিত হয়; স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা শর্ত নয়।
১২. স্ত্রীর আগের স্বামীর মেয়ে
যে নারীকে বিয়ে করে তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা হয়েছে, সেই নারীর আগের স্বামীর কন্যা বা অধস্তন কন্যাসন্তানকে বিয়ে করা নিষিদ্ধ।
তবে স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপনের আগে তালাক হয়ে গেলে তার কন্যাকে বিয়ে করার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হয় না।
১৩. ছেলের স্ত্রী
নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করা নিষিদ্ধ। একইভাবে নিজের নাতি বা বংশধর ছেলের স্ত্রীকেও বিয়ে করা যাবে না। এ নিষেধাজ্ঞা নিজের ঔরসজাত ছেলের স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য।
১৪. একই সময়ে দুই বোন বা এমন দুই নারীকে স্ত্রী হিসেবে রাখা
একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। তবে একজনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর শরিয়তের নির্ধারিত বিধান অনুযায়ী অন্য বোনকে বিয়ে করা যেতে পারে।
এ ছাড়া কোনো নারীকে তার ফুফু বা খালার সঙ্গে একই সময়ে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। অর্থাৎ স্ত্রী ও তার ফুফু কিংবা স্ত্রী ও তার খালাকে একসঙ্গে বিবাহবন্ধনে রাখা যাবে না। (সুরা নিসা, আয়াত ২৩; সহিহ বুখারি, হাদিস ৫১০৫; সহিহ মুসলিম, হাদিস ১৪০৮)।
কোরআনে বিয়ের নিষেধাজ্ঞা
আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, তোমাদের দুধমাতা, দুধবোন, তোমাদের স্ত্রীর মাতা এবং তোমাদের সেই স্ত্রীদের কন্যা, যাদের সঙ্গে তোমরা দাম্পত্য সম্পর্ক স্থাপন করেছ...।’ (সুরা নিসা, আয়াত ২৩)।
ইসলামে বিয়ের ক্ষেত্রে এসব বিধান পরিবার ও আত্মীয়তার সম্পর্কের মর্যাদা রক্ষা করে। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট আত্মীয়তার সম্পর্ক এবং শরিয়তের বিধান সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: