• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘চুয়েটে পড়াই কি আমার অপরাধ’, সার্টিফিকেট না পেয়ে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১৬:৪৬, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘চুয়েটে পড়াই কি আমার অপরাধ’, সার্টিফিকেট না পেয়ে লিগ্যাল নোটিশ

চুয়েট ক্যাম্পাসের মূল ফটক। ইনসেটে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মইনুল ইসলাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে বি.এস.সি ডিগ্রি অর্জনের পরও মূল সার্টিফিকেট ও অ্যাপোস্টাইল না পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল হাসান। 

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যাডভোকেট মুন্নি আক্তারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব), ৫টি অনুষদের ডিন এবং চুয়েট শিক্ষক সমিতির সভাপতিকে এই নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ইকরামুল হাসান ২০১৫ সালের ৩০ নভেম্বর ভর্তি পরীক্ষার মাধ্যমে চুয়েটে ভর্তি হন। একই বছরের ২৭ ডিসেম্বর যন্ত্রকৌশল বিভাগে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করেন। তিনি ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিয়মিত অধ্যয়ন করে ২০২৩ সালের জুলাই মাসে বি.এস.সি ডিগ্রি অর্জন করেন।

এরপর বিদেশে উচ্চ শিক্ষার জন্য উদ্যোগ নেন। তখন তার মূল সার্টিফিকেট দরকার হয়। এ জন্য গত অক্টোবরে ইকরামুল হাসান মৌখিক ও লিখিতভাবে মূল সার্টিফিকেট ও অ্যাপোস্টাইলের জন্য আবেদন করেন। কিন্তু এক মাস পার হলেও তিনি কিছুই পাননি।

নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা জানান, ছেলেটি বারবার পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে এসেছে। তাকে বারবার ‘ভিসি নেই’, ‘রেজিস্ট্রার নেই’- এসব কথা বলে ফিরিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, মূলত চলমান কর্মসূচির কারণেই ছেলেটিকে ভোগান্তিতে ফেলে দেয়া হয়েছে।

এদিকে ওই উকিল নোটিশে বলা হয়েছে, বিদেশে প্রসেসিং এজেন্সির কাছে আগামী ২৪ নভেম্বরের মধ্যে “মূল সার্টিফিকেট এবং অ্যাপোস্টাইল” জমা দিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ শিক্ষার প্রসেসিং করা সম্ভব হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সার্টিফিকেট না পেলে ইকরামুল হাসান শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষতির দায়ভার কর্তৃপক্ষকে বহন করতে হবে। 

ইকরামের আইনজীবী অ্যাডভোকেট অ্যাডভোকেট মুন্নি আক্তার জানান, সময় মতো সার্টিফিকেট না পেলে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে ইকরামের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। এর দায়ভার বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করতে হবে। পরবর্তীতে আমরা আদালতের দারস্ত হবো। 

ভুক্তভোগী শিক্ষার্থী ইকরাম হাসান বলেন, ক্যাম্পাসে ভিসি নেই, রেজিস্ট্রার নেই- এসব বলে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মইনুল ইসলাম আমাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। বলেছেন, তিনি মূল সার্টিফিকেট দিতে পারবেন না। অথচ ক্লাস-পরীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে বেতন নিচ্ছেন। সবই করছেন। সমস্যা শুধু আমার সার্টিফিকেট দিতে। সবশেষ উপায় না পেয়ে ২১ নভেম্বর ভিসি স্যারকে মেইল দেই। তিনি জবাবে জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রককে ব্যবস্থা নিতে বলেছেন।

এই শিক্ষার্থী বলেন, চলমান ‘নতুন ভিসি মানি না’ এই কর্মসূচির মানে হচ্ছে ক্লাস চলবে, পরীক্ষা চলবে, বেতন নেবে। শুধু আমার সার্টিফিকেট নিতে বাধা দিবে। নিয়ম দেখাবে কনভোকেশনের আগে সার্টিফিকেট দেয়া যাবে না। তাদের আন্দোলনের ফলে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। আমার সার্টিফিকেট না পাঠালে অফার লেটার আসবে না। এখন মনে হয়েছে চুয়েটে পড়াই আমার অপরাধ।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. মইনুল ইসলাম জানান, একদিকে কনভোকেশনের আগে মূল সার্টিফিকেট দেয়ার নিয়ম নেই। অন্যদিকে সার্টিফিকেটে স্বাক্ষর করার রেজিস্ট্রারও নেই। ভিসি ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ভিসির থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আবার তিনিও ভিসির কাছে যাননি। শিক্ষার্থীর ক্ষতি বিষয়ে তিনি বলেন, হ্যাঁ তার ক্ষতি হবে। কিন্তু আমাদের কি করার আছে?

আইন কি বলে?
সার্টিফিকেট, ডিপ্লোমা, গ্রেড শিট, ট্রান্সক্রিপ্ট ইস্যু এবং নাম সংশোধন ইত্যাদি সংক্রান্ত প্রবিধান
১. সার্টিফিকেট ও ডিপ্লোমা একাডেমিক কাউন্সিলের সুপারিশে সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত ফরম্যাটে প্রদান করা হবে।
২. ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফলাফল প্রকাশের পর, আনুষ্ঠানিক ডিগ্রি/ডিপ্লোমা প্রদানের আগ পর্যন্ত একটি সাময়িক সার্টিফিকেট (Provisional Certificate) পাওয়ার অধিকারী হবেন। এই সার্টিফিকেট নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে প্রদান করা হবে।
৩. ডিগ্রি/ডিপ্লোমা সার্টিফিকেট সাধারণত সমাবর্তন অনুষ্ঠানে (Convocation Ceremony) হস্তান্তর করা হবে। তবে, যদি কোনো শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার আগে অনিবার্য কারণ দেখিয়ে সার্টিফিকেটের জন্য আবেদন করেন এবং উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) সন্তুষ্ট হন, তাহলে একাডেমিক কাউন্সিল কর্তৃক ফলাফল অনুমোদন এবং সিন্ডিকেটে রিপোর্ট করার পর যেকোনো তারিখে মূল সার্টিফিকেট প্রদান করা যাবে।

এই ৩ নম্বর ধারার মানে হলো- সমাবর্তনের জন্য অপেক্ষা করতে হবে — এটাই সাধারণ নিয়ম। কিন্তু কারো যদি জরুরি / অনিবার্য কারণ থাকে, আর ভিসি যদি সন্তুষ্ট হন — তাহলে সমাবর্তনের আগেও মূল সার্টিফিকেট দেওয়া যাবে। ইকরামুল হাসান এই ধারার বলেই বিদেশে উচ্চ শিক্ষার জন্য জরুরি ভিত্তিতে মূল সার্টিফিকেট পাবেন। 

একজন ডেপুটি রেজিস্ট্রার নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, ইকরাম তার অধিকার না পেয়ে লিগ্যাশ নোটিশ পাঠিয়েছেন। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক তাকে অভিযুক্ত করে নতুন ভিসির লোক হিসেবে। ওই ছেলেকে তিনি বলেন, ভিসি শরীফের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ করেছে। অথচ এটি ছিল তার বৈধ অধিকার।

তিনি বলেন, ইকরামকে সার্টিফিকেট দেয়ার সদিচ্ছা নেই পরীক্ষা নিয়ন্ত্রকের। যদি থাকতো তাহলে তিনি ভিসিকে বলতেন, সার্টিফিকেট দেয়ার উপায় কি? তিনি সেটি না করে ভিসিকে কোনঠাসা করতে বিভিন্ন নিয়ম দেখাচ্ছেন। রেজিস্ট্রার নেই তাতে সমস্যা কি? আরো নয়জন ডেপুটি রেজিস্ট্রার আছেন। 

এ বিষয়ে চুয়েটের ভিসি ড. শরীফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি লিগ্যাল নোটিশ বিশ্ববিদ্যালয় পেয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রককে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। একজন শিক্ষার্থীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে এটা আমার এবং বিশ্ববিদ্যালয়ের কাম্য নয়।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত