• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াত বিজয়ী 

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াত বিজয়ী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ভোট যুদ্ধে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার সময় রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফলে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

এই আসনে গণভোট হ্যাঁ ভোট পড়েছে ২  লাখ ২৮ হাজার ৪০৪, এছাড়া না ভোট পড়েছে ১ লাখ ২১ হাজার ২৫৬। ৭৫.৬৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ১৬ হাজার ৬৭৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮, এছাড়া না ভোট-৮৬ হাজার ৬১৯ ভোট। ভোটের হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের মুহাদ্দিস রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ভোট। ৭৮ হাজার ৮৪৪  ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯। 

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ২  লাখ ৩২ হাজার ৯২৫ এবং না ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৮৮৩। ভোটের হার ৭০ দশমিক ৯৯ শতাংশ।

এছাড়া, সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।

এই আসনে গণভোট হ্যাঁ ভোট পড়েছে ১  লাখ ২৯ হাজার ৭৪১ এবং না ভোট পড়েছে ৬০ হাজার ৭৭৯ ভোট। ভোটের হার ৬৭ দশমিক ৭৬ শতাংশ।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার  বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: