চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় আরও তিনজন আহত হন। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের দাবি, নির্বাচন-পরবর্তী সহিংসতার উদ্দেশ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণে টিনের চালা উড়ে যায় এবং ঘটনাস্থলে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, জেলা বিভিন্ন স্থানে বিএনপি'র নেতা কর্মীর বাড়িঘরে হামলা হচ্ছে। তার উদ্দেশ্যে এখানে ককটেল তৈরি করা হচ্ছিল। বিস্ফারিত হয়ে দুইজনের মরা দেহ এখানে পড়ে আছে আর কয়েকজন হাসপাতালে আছে। যারা যারা এ ঘটনা সাথে জড়িত তাদের বিচার দাবি করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। পরিদর্শন শেষে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: