ব্যস্ত রাজপথে ক্লান্ত পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য ভালোবাসার ইফতার
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ব্যস্ত রাজপথে দেখা মিললো, এক অনন্য মানবিক দৃশ্যের। ইফতারের ঠিক আগমুহূর্তে যখন নগরীর মানুষ ঘরে ফেরার তীব্র তাগিদে ব্যস্ত, তখন পথে আটকে পড়া শ্রমজীবী ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন একদল স্বেচ্ছাসেবী তরুণ।
‘নিঃসঙ্কোচ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এদিন উত্তরার বিভিন্ন মোড়ে মোড়ে পথচারী, রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতারের প্যাকেট ও পানি বিতরণ করা হয়। বিশেষ করে অসহায় বৃদ্ধ, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের কাছে গিয়ে সরাসরি ইফতারের উপহার পৌঁছে দেওয়া ছিলো অত্যন্ত হৃদয়স্পর্শী।
মূলত যানজট বা কাজের চাপে যারা সময়মতো ঘরে পৌঁছাতে পারেন না এবং যাদের মানসম্মত ইফতার করার সামর্থ্য নেই, তাদের কথা মাথায় রেখেই এই আয়োজনটি সাজানো হয়েছে। মানবিক এই উদ্যোগটি কেবল উত্তরার মাঝেই সীমাবদ্ধ নয়; এর আগে রাজধানীর বনশ্রী, শান্তিনগর, ওয়ারী, বেইলি রোড এলাকাতেও সাফল্যের সাথে ইফতার বিতরণ সম্পন্ন করেছে ফাউন্ডেশনটি।
প্রতিটি প্যাকেটের ভেতরে খাবারের পাশাপাশি ছিলো মানুষের পাশে থাকার আন্তরিক প্রতিশ্রুতি ও ভালোবাসা। আয়োজকরা জানিয়েছেন, আর্তমানবতার সেবায় তাদের এই ভালোবাসার উপহার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়েই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এই মানবসেবায় সামর্থ্যবান ব্যক্তিদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।
বিভি/এআই



মন্তব্য করুন: