• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

সীমান্ত দিয়ে ঢুকে পড়লো দুই ভারতীয় যুবক, সামনেই ছিল বিজিবির টহল দল, অতঃপর...

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৬:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত দিয়ে ঢুকে পড়লো দুই ভারতীয় যুবক, সামনেই ছিল বিজিবির টহল দল, অতঃপর...

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুষাফেরুষা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় যুবককে ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬-এর পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে ১৫ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক দুই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে একই দিন বিকাল ৫টার দিকে উপজেলার বালারহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫-এর সাব পিলার ৩এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের টহলদল। অভিযানে নেতৃত্ব দেন নায়েক সুবেদার লিটন মিয়া। আটক হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নির্দেশে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম এবং বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া। অপরদিকে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন।

আটক দুই যুবক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক দুই ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত