বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত
ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার কসবা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে টেকেরহাট পরিবহণ নামে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা করে। এ সময় বরিশালের উদ্দেশে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়।
তিনি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: