• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঢাকায় কসোভো বিষয়ক প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

প্রকাশিত: ২২:০৫, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় কসোভো বিষয়ক প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

ঢাকায় কসোভো বিষয়ক প্রামাণ্যচিত্র “ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো – ওয়েলকাম টু দ্য হার্ট অব দ্য বলকানস”-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

টিভি-ফাইভ মনডে প্রযোজিত এবং কসোভোর পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়-এর সহায়তায় নির্মিত প্রামাণ্যচিত্রটি ঢাকায় চলমান ফ্রাঙ্কোফোনি উৎসব-এর অংশ হিসেবে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং ফ্রাঙ্কোফোনি আন্দোলনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে কসোভোর সাংস্কৃতিক কূটনীতির প্রসারের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম পিলানা সাংস্কৃতিক সংলাপ ও ভাষাগত বৈচিত্র্য প্রচারে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো এবং তার টিমকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বলেন, কসোভোতে ফ্রাঙ্কোফোনি কেবল একটি প্রতীকী বিষয় নয়; এটি শ্রেণিকক্ষ, সাংস্কৃতিক কেন্দ্র এবং ফরাসি ইনস্টিটিউটের মতো আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোর অংশীদারত্বের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত।

কসোভো ও বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের দেশ বাংলাদেশে ভাষা ও সংস্কৃতির প্রচার বিশেষ তাৎপর্য বহন করে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে।

প্রামাণ্যচিত্রটিতে কসোভোকে একটি গতিশীল ইউরোপীয় দেশ হিসেবে তুলে ধরা হয়েছে। এতে প্রিস্টিনা-র প্রাণচাঞ্চল্য, উলপিয়ানা-র ঐতিহ্য, প্রিজরেন ও জাকোভা-র সাংস্কৃতিক জীবন এবং দেশটির অলিম্পিক ক্রীড়াবিদদের সাফল্য তুলে ধরা হয়।

প্রদর্শনী শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে অনানুষ্ঠানিক সংলাপ ও পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকাস্থ কসোভো দূতাবাস বাংলাদেশে কসোভোর সংস্কৃতি তুলে ধরা এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত