শ্রেষ্ঠ শিক্ষক হলেই মিলবে লাখ টাকা, পুরস্কার ঘোষণা এমপির
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু এবং শিক্ষক-কর্মচারীদের জন্য নগদ পুরস্কার প্রদান।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা ও বায়োমেট্রিক হাজিরা ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন সফিকুর রহমান কিরণ।
তিনি বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে পাঠদান করলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান বৃদ্ধি পাবে।

শিক্ষকদের উৎসাহিত করতে আগামী দিনে বিভিন্ন প্রণোদনার ঘোষণা দিয়ে তিনি বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও কর্মদক্ষতাকে মূল্যায়ন করতে নড়িয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে ১ লাখ টাকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষককে ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ দপ্তরীকে ২৫ হাজার টাকা এবং শ্রেষ্ঠ ক্লিনারকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৩৪টি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ডিভাইস বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, নগদ পুরস্কার ঘোষণা এবং বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর ফলে নড়িয়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: