ঈদযাত্রায় দুই লেনের যমুনা সেতুতে চার লেনের চাপ, ১৩ কিলোমিটার যানজটের শঙ্কা
দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। আর এ মহাসড়কের এলেঙ্গায় চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে সংকুচিত হয়ে পড়েছে মহাসড়কের এ অংশ। ফলে যেখানে স্বাভাবিক সময়েই লেগে থাকে যানজট। সেখানে ঈদের সময় যখন যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা করছেন পরিবহন চালকেরা। সেতুর সীমিত প্রশস্থতাও যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
এদিকে, যাত্রীরাও বলছেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেনের কাজ এখনো শেষ না হওয়ায় এবার ঈদে তাদের যানজটে আটকা পড়ে দূর্ভোগ পোহাতে হবে। দ্রুত জরুরি কাজ শেষ করার দাবি তাদের।
চারলেনের প্রকল্পটি বাস্তবায়ন করছে আব্দুল মোনায়েম লিমিটেড। সংশ্লিষ্টদের দাবি, প্রায় ৫০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় সময় বাড়িয়ে দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক সংকটের কারণে কাজের কিছুটা ধীরগতির কথা জানালেন সড়ক বিভাগের এ কর্মকর্তা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহাসড়কে যানজটসহ যাত্রী ভোগান্তি কমাতে এরই মধ্যে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানালেন এলেঙ্গা পৌর প্রশাসক।
ঈদে ঘর মুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জেলার পুলিশ প্রধান।
স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দিনে প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদসহ বড় উৎসবে তা ৫০ হাজার ছাড়িয়ে যায়। তাই এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
বিভি/এসজি



মন্তব্য করুন: