• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঈদের কেনাকাটা: বাজেট মেলাতে ফুটপাতই ভরসা মধ্যবিত্তদের

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৭:৫৩, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের কেনাকাটা: বাজেট মেলাতে ফুটপাতই ভরসা মধ্যবিত্তদের

পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে মানুষের জীবনে আনন্দের এক অনন্য বার্তা নিয়ে।আর সেই ঈদকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়।

বিক্রেতাদের হাঁকডাক আর মানুষের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। বাড়তি দামের বাজারে বাজেটের সঙ্গে হিসাব মেলাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের বড় অংশই ভরসা রাখছেন ফুটপাতের এই দোকানগুলোর ওপর।

সরেজমিনে ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম কিছুটা বেড়েছে। তবুও তুলনামূলক কম দামের কারণে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কমেনি। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

কাপড়ের মানভেদে ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের পোশাক বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। কিশোর-কিশোরীদের জামা, শার্ট-প্যান্ট কিংবা পাঞ্জাবি-পায়জামা পাওয়া যাচ্ছে এক হাজার টাকার মধ্যেই।

অন্যদিকে নারীদের থ্রি-পিস এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের শার্ট-প্যান্ট এবং পাঞ্জাবি-পায়জামা বিক্রি হচ্ছে ৩০০ থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে। জুতার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন মান ও দামের পণ্য, যেগুলো ৫০০ থেকে দেড় হাজার টাকায় কেনাবেচা হচ্ছে।

এই বাজারগুলোতে ঘুরে দেখা যায়, নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীদের উপস্থিতিই বেশি। তাদের অনেকেই বলছেন, ইচ্ছে থাকলেও শপিং মল বা বড় বড় শো-রুমে কেনাকাটা করার সামর্থ্য নেই। তাই বাস্তবতার সঙ্গে সমন্বয় করেই তারা ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন।

রুবেল হোসেন নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকায় পড়াশোনার খরচ চালাতেই হিমশিম খেতে হয়। সেখানে শো-রুমে কেনাকাটা করা অনেকটা বিলাসিতার মতো। তাই নিজের সাধ্যের মধ্যেই ঈদের জন্য কিছু কিনতে ফুটপাতে আসা।

মিথিলা আক্তার নামে আরেক ক্রেতা জানান, “ঈদ বলে কথা। নতুন কিছু না কিনলে মনটা খালি খালি লাগে। কিন্তু সবকিছুর দাম এত বেশি যে শো- রুম বা শপিং মলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই ফুটপাতের দোকানই আমাদের ভরসা।”

বিক্রেতারাও বলছেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর ফুটপাতের দোকানগুলোতে ভিড় আরও বেড়ে যায়। অনেকেই পরিবার বা বন্ধু- বান্ধবদের নিয়ে এসে নিজের সামর্থ্যের মধ্যে পোশাক খুঁজে নিচ্ছেন।

রাজধানীর এই ফুটপাতের বাজারগুলো তাই শুধু কেনাবেচার জায়গা নয়, বরং সীমিত আয়ের মানুষের ঈদের আনন্দটুকু ধরে রাখার একটি ছোট্ট আশ্রয় হয়ে উঠেছে। অনেকের জন্য শপিং মলের ঝলমলে আলো দূরের বাস্তবতা হলেও ফুটপাতের এই দোকানগুলোতেই তারা খুঁজে পান সাধ্যের ভেতর ঈদের নতুন পোশাকের আনন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন: