সিগারেট থেকে ধরা আগুনে প্রাণ গেলো শেবাচিমের দুই রোগীর
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থোপেডিক বিভাগের রোগী কাজী আতাউর রহমান (৮০) মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখা যায়। ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা অসুস্থ রোগীদের নিয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান গণমাধ্যমকে জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত। কিছু পুরোনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর ইসলাম গণমাধ্যমকে বলেন, মেডিসিন ভবনের পুরোনো চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ওই দুই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: