আইজিপির পৈত্রিক বাড়ি চুরির ঘটনা সত্য নয়, আরও যা জানা গেলো
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ। বুধবার (১৮ মার্চ) বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরি হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোন ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত এক পোস্টে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১৭/০৩/২০২৬ তারিখে বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে আইজিপি মহোদয়ের বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। উক্ত সংবাদটি আমাদের নজরে এসেছে।
প্রকৃতপক্ষে, আইজিপি মহোদয়ের বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কিছু মাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
ঘটনার প্রকৃত বিবরণ হলো—গত ১৬/০৩/২০২৬ তারিখে আনুমানিক রাত ১১:০০টার সময় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল-সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর ১৭/০৩/২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত ৩ (তিন) জন ব্যক্তিকে গ্রেফকতার করা হয়েছে। তাই এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: