• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সাতক্ষীরা শহরের পৃথক স্থানে দুইজনের রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরা শহরের পৃথক স্থানে দুইজনের রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা শহরের পৃথক দুটি স্থান থেকে মেধাবী চিকিৎসক সজীব দত্ত ও আব্দুর রাজ্জাক নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া ও রসুলপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মেধাবী চিকিৎসক সজীব দত্ত (২৭) শহরের কাটিয়া এলাকার তপন দত্তের ছোট ছেলে। আর নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক (৪৮) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত শামসুদ্দীন মোল্যার ছেলে। তিনি শহরের রসুলপুর এলাকার ফাল্গুনী বস্ত্রালয়ের মালিকের বাড়িতে কেয়ারটেকার ও নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

চিকিৎসক সজীবের পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেছিলেন। সম্প্রতি তিনি লন্ডনে উচ্চতর এফসিপিএস পড়াশোনা করতে গিয়েছিলেন এবং সেখান থেকেই কিছুদিন আগে বাড়িতে ফেরেন বলে জানান সজীবের স্বজনরা।

সজীবের বাবা তপন কুমার দত্ত জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সজীব তার ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে তার মা কাঞ্চন দত্ত পূজা করার জন্য ওই ঘরের দরজায় ধাক্কা দিলে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মারেন এবং ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় বাঁধা দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তবে তার স্বজনরা জানিয়েছেন, লন্ডন থেকে ফিরে আসার পর তার মধ্যে মানসিক অস্থিরতা দেখা যায়। লন্ডনে তিনি তার বড় ভাইয়ের বাসায় উঠেছিলেন। মেধাবী এই চিকিৎসকের এমন মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক দীর্ঘ ২৫ বছর ধরে ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মো. আশরাফুজ্জামানের বাড়িতে কেয়ারটেকার ও নৈশপ্রহরী হিসেবে কাজ করে আসছিলেন।

বাড়ির মালিক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, দীর্ঘদিন ধরে কর্মরত ওই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্ত শেষে এই দুজনের মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আরও জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: