ভোর থেকে পাম্পে দীর্ঘ লাইন, কখন মিলবে তেল? জানাতে পারছে না কেউই
জ্বালানির অভাবে বন্ধ হয়ে রয়েছে সাতক্ষীরার অধিকাংশ ফিলিং স্টেশন। কোনটি ফাঁকা, আবার কোন কোন পাম্পে তেলের জন্য অপেক্ষা করছেন শত শত যানবাহন চালকরা। রবিবার ভোর থেকেই পাম্পের সামনে থেকে শুরু করে মেইন রোডে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মোটর সাইকেল চালকরা।
ক্রেতাদের অভিযোগ, পাম্পে তেল নেই। কখন তেল দিবে সেটিও পাম্প কর্তৃপক্ষ বলছে না। তেলের জন্য ভোগান্তির শেষ নেই। অথচ ভোর থেকেই তারা তেলের জন্য অপেক্ষা করছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। যাতে মানুষ নির্বিঘেœ তেল পেতে পারে সেজন্য তারা প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে, বিপুল সংখ্যক মোটরসাইকেল চালকদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মেসার্স প্লাটিনাম ইউরেকা ফিলিং স্টেশনের ম্যানেজার ইব্রাহিম খলিল জানান, ডিপো থেকে তেল আনার পর ক্রেতাদের মাঝে তেল সরবরাহ করা হবে। বর্তমানে পাম্পে তেল নেই। আছরের পর বা সন্ধ্যার আগে থেকে তেল দেওয়া সম্ভব হবে। অথচ ভোর থেকেই মোটর সাইকেলের দীর্ঘ লাইন পড়ে গেছে। তিনি আরো জানান, যে পরিমাণ চাহিদা সে অনুযায়ী ডিপো থেকে তেল দেয়া হচ্ছেনা। যা অল্প করে দেয়া হচ্ছে সেটাই সবাইকে অল্প অল্প করে দেয়া হবে প্রশাসনের সহযোগিতায়।
শহরের এবিখান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তেল সরবরাহ করা সম্ভব হবে কিনা বলা যাচ্ছেনা। ডিপো থেকে আনার পর তেল দেওয়া হবে।
এদিকে, পাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) তাজুল ইসলাম জানান, পরিস্থিতি সামাল দিতে জেলার সকল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: