রাজধানীতে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. হিরা (৩৫) মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।
দগ্ধরা জানান, তারা সবাই আরআরএম স্টিল মিলের শ্রমিক। সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। তখন ভালো লোহার সাথে কোন খারাপ লোহা বয়লারে দেওয়ার কারণে সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তারা আটজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিকের শরীরের ৪০ ও হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের ৪ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। মানিককে ভর্তি আর হিরাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।



মন্তব্য করুন: