‘সাগর-রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে তারা এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারগুলো এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে চায়নি। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ বারবার পেছানোর ঘটনায় তদন্ত সংস্থাগুলোকে আইনের মুখোমুখি করার দাবি জানান তারা।
সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, নতুন সরকার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচির কথাও জানানো হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: