কালবৈশাখী ঝড়ে দোকানের চালায় চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ধসে পড়া দোকানের চালের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে তিনি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাতে কালবৈশাখী ঝড়ের সময় দোকানঘরের চাল ধসে পড়লে তিনি এর নিচে চাপা পড়েন। পরদিন সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে চালার নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামের বাসিন্দা। তিনি গাজী রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরির কাজ করতেন।
নিহতের ছেলে শাহিন জানান, তিনি প্রায় আট থেকে দশ বছর আগে শ্রীপুরে এসে এ পেশায় যুক্ত হন। দেড় বছর আগে তার বাবা সিরাজুল ইসলামও সেখানে এসে তার সঙ্গে কাজ শুরু করেন। কাজের সুবিধার জন্য তার বাবা দোকানেই রাত যাপন করতেন।
তিনি আরও জানান, সোমবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি দোকানঘরের সিলিং ও চাল ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তার বাবা চাপা পড়েন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চালার নিচ থেকে বাবার মরদেহ উদ্ধার করেন। পরে দাফনের জন্য মরদেহ টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক সঞ্চয় সাহা জানান, ঘটনাটি থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: