• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা এ অবরোধ সৃষ্টি করেন। এসময় মহাসড়কের প্রায় দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে স্টেশনে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ করছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তেল নিতে আসা চালকরা সড়ক অবরোধ করেন।

অবরোধকারীরা জানান, পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদের তেল দেওয়া হচ্ছে না। তেল না দিলে আমরা অবরোধ তুলবো না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে দেয় এবং অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর পুনরায় তেল সরবরাহ শুরু হলে যানচলাচল স্বাভাবিক হয়।

নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, গতকাল সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমরা সব ধরনের যানবাহনকে তেল দিয়েছি। কিন্তু জনবল সংকটের কারণে সমস্যা তৈরি হয়েছে। পাঁচজনের জায়গায় মাত্র দুইজন কর্মী ছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে তারা আজ কাজে আসেনি।

গোপালগঞ্জ সদর থানার এসআই রেজা জানান, অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহ শুরু হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত