রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগ
মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
মোংলা উপকূলের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ৩৮১ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গি ইউনিয়নের দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ধারাবাহিক কর্মসূচির আওতায় বিআইএফপিসিএলের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ের ৩৮১ শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স ও ছাতা। এ ছাড়া ২২ জন হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বিআইএফপিসিএল) প্রকল্প প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম, বুড়িরডাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ও অভিভাবক সদস্য বিধান গাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সব সময় জনকল্যাণমূলক কাজ করে আসছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়বে এবং তারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: