ডেঙ্গুতে প্রাণ গেলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী নূর জাহানের
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা বলেন, ‘আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করত। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।’
নূর জাহানের অকাল মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকরা শোকাহত। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: