কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে হামলায় মৃত্যু!
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে দুজন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ভূঁইয়া ওই এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানাখান এলাকায় একটি কবরস্থানের জমি নিয়ে একই এলাকার জয়দুল ঢালী ও আনোয়ার ভূঁইয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে জয়দুল আনোয়ার ভূঁইয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে নিহতের স্বজনেরা অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। তিনি বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে আনোয়ার ভূঁইয়া নামের এক ব্যক্তি প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: