পুলিশের ৬ অতিরিক্ত আইজিপিকে বদলি-পদায়ন
বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয় কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে বদলি-পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসানকে বিপিএ, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে বিশেষ শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। আর বিপিএ, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: