• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকা নিহত

প্রকাশিত: ২৩:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকা নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গেলে দুই বাসের চাপায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। পাশাপাশি দুই বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ বলেন, তার বোন কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যাওয়ার পর দুই বাসের চাপায় তার বোন দুর্ঘটনার শিকার হয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: