জাকসু নেত্রীর বিয়েতে ব্যতিক্রমী উদ্যোগ, উপহার নয়, চাওয়া হলো দোয়া
বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ না করার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের সামিয়া ইসলামের পরিবার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামিয়া ইসলামের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে একটি প্ল্যাকার্ড টাঙানো হয়। সেখানে লেখা ছিল, বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ করা হয় না। আপনাদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কন্যার জন্য আপনাদের দোয়াই আমাদের সেরা উপহার।
সামিয়া ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)'র প্রীতিলতা হলের কমনরুম সম্পাদক। তিনি পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট আজহারুল উলুম হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম কাইয়ুমের মেয়ে।
বর নাসরুল্লাহ আল মারুফ আমেরিকা প্রবাসী। তিনি উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার আওয়াল মাস্টারের ছেলে।
সামিয়ার ছোট চাচা এস এম রায়হান বলেন, বিয়েতে উপহার গ্রহণ না করার সিদ্ধান্তটি আমাদের পরিবারের সবার সম্মতিতেই নেওয়া হয়েছে। আমরা মনে করি, অতিথিদের উপস্থিতি ও নবদম্পতির জন্য দোয়াই সবচেয়ে বড় পাওয়া। উপহার দেওয়ার কোনো চাপ যেন কারও ওপর না থাকে, সেটিই আমাদের উদ্দেশ্য।
বিয়েতে আসা প্রতিবেশী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, বিয়েতে সাধারণত উপহার দেওয়ার একটি সামাজিক রীতি রয়েছে। এর বাইরে গিয়ে সামিয়ার পরিবারের এমন উদ্যোগ ভালো লেগেছে। উপহারের পরিবর্তে অতিথিদের উপস্থিতি ও দোয়াকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে বলে মনে করি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিয়েতে উপহার দেওয়ার পরিবর্তে অতিথিদের উপস্থিতি ও নবদম্পতির জন্য দোয়াকেই গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: