বৃহস্পতিবার থেকে সাজেকে আবারো অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক
প্রশাসনের দেওয়া তিন দফা আশ্বাস বাস্তবায়ন না হওয়ার অভিযোগে সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এই কর্মসূচি কার্যকর করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গত ১১ অক্টোবর সাজেক সড়কে অবরোধ পালনের পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মাচালং এলাকার সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছিল স্থানীয় প্রশাসন। প্রশাসনের প্রতি আস্থা রেখে তখন সাময়িকভাবে অবরোধ স্থগিত করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দাবিকৃত প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
নেতারা দাবি করেন, মাচালং এলাকার থলুকছড়া, চিত্তাছড়ি, নোয়াপাড়া, লালাবাক ও উজোছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা এখনও অবস্থান নিয়ে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও অব্যাহত চাঁদা আদায়ের ঘটনা ঘটছে, যা স্থানীয় জনজীবনকে চরম আতঙ্কের মধ্যে ফেলেছে।
বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, সাজেকের পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী তৎপরতা স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে অবরোধ হলেও সাধারণ ও জরুরি সেবাকে ছাড় দেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত থাকবে। অবরোধ কর্মসূচি সফল করতে সাজেক এলাকার সর্বস্তরের বাসিন্দা ও সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারী সংগঠনের নেতারা।
বিভি/এজেড













মন্তব্য করুন: