রূপগঞ্জে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তি ফিরেছে মহাসড়কে
একসময় যেখানে মহাসড়কের পাশে জীবনের ঝুঁকি নিয়ে চলত কেনাবেচা, সেখানে এখন বদলে গেছে দৃশ্যপট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যস্ততম ভুলতা-গাউছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে বসতো শত শত দোকান। এতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি আর পথচারীদের দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী।
দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। মহাসড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট সরিয়ে ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সিংলাবো এলাকায় গাউছিয়া মার্কেটের পেছনের বালুর মাঠে। সেখানে নতুন করে দোকান সাজিয়ে বেচাকেনা শুরু করেছেন ব্যবসায়ীরা। হারিয়ে যাওয়া জীবিকার পরিবর্তে নতুন আশার আলো দেখছেন তারা।
শুধু ব্যবসায়ীরাই নন, স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারাও। আগে মহাসড়কের পাশে যানবাহনের ভিড় আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কেনাকাটা করতে হতো। বালুর মাঠে দোকান স্থানান্তর হওয়ায় এখন তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।
স্থানীয়দের মতে, মহাসড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার ব্যবস্থা করায় উদ্যোগটি প্রশংসা পাচ্ছে। তবে নতুন বাজারে ব্যবসার পরিবেশ বজায় রাখা এবং মহাসড়কের ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নিয়মিত তদারকির দাবি তাদের।
ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের বিকল্প স্থানে পুনর্বাসনের এই উদ্যোগে একদিকে যেমন জীবিকার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে মহাসড়কে চলাচলের দুর্ভোগ কমার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
বিভি/এজেড













মন্তব্য করুন: