চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ডা. শাহাদাত হোসেনকে। রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শাহাদাত হোসেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তিনি।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মেয়র প্রার্থী হিসেবে তাঁকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: